পুত্র সজীব ওয়াজেদ জয়সহ সন্তানদের কোনো খারাপ শিক্ষা দেননি উল্লেখ করে জয়ের নামে অপপ্রচারের জন্য খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তথ্য দিয়েছেন তা মিথ্যা। ইতিমধ্যে জয় বিএনপি চেয়ারপারসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই তথ্যের সত্যতা প্রমাণের জন্য। আশা করি, বিএনপি চেয়ারপারসন চ্যালেঞ্জের জবাব দেবেন।
তার সন্তানদের শিক্ষা সর্ম্পকে শেখ হাসিনা বলেন, ‘সন্তানদের বলেছি, শিক্ষা ছাড়া কিছু দিতে পারব না। তাঁদের সুশিক্ষায় শিক্ষিত করেছি। 'চোরচোট্টা' বানাইনি, বরং মা হয়ে সন্তানের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ডিজিটাল শব্দটা আমার জয়ের কাছ থেকে শেখা।’
সেই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদার দুই পুত্রের নানা অপকর্মের ফিরিস্তি দিয়ে নানা দুর্নীতি, বিদেশে অর্থ পাচারের কথা তুলে ধরেন।
তাকে হত্যা করতে না পেরে এখন জয়কে হত্যার চেষ্টা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিএনপি-জামায়াত জোট তাঁকে অনেকবার হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু সফল হতে পারেনি। এখন তাঁরা জয়কে হত্যার ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্রে জয়কে হত্যার, অপহরণের ষড়যন্ত্র হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত। সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সেই ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন। এঁরা দুজন জড়িত। যুক্তরাষ্ট্রে বিএনপি নেতার ছেলে এফবিআই এজেন্টকে টাকা দিয়ে কিনে ফেলেছিল।
সরকার কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না উল্লেখ করে তিনি দলীয় সাংসদরাও অপরাধ করলে বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানান।
এ দেশে জঙ্গি সন্ত্রাসবাদের কোনো স্থান নেই জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগ সরকারের গত সাত বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

No comments:
Post a Comment