Sunday, November 25, 2012

February 25, 1971

Today February 25 

  • আওয়ামী লীগ দফতরে আহুত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার সংগ্রামের জন্য পাকিস্তানের নির্যাতিত জনগণ এবং বাংলাদেশের জাগ্রত কৃষক-শ্রমিক-ছাত্রজনতাকে প্রস্ত্তত থাকার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের নির্যাতিত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্যই ৬-দফার অপব্যাখা করা হচ্ছে, বাংলাদেশকে ঔপনিবেশিক অবস্থা থেকে রক্ষা করার জন্যই ৬-দফা। প্রধানত দেশের অপরাংশের কায়েমী স্বার্থবাদীরা বাংলাদেশের ৭ কোটি জনগণের ওপর ঔপনিবেশিক শোষণ চালিয়েছে এবং বাংলাদেশের সম্পদ পাচার করেছে।
  • এই সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান হতে এক হাজার মাইল দূরে লাওস এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অপরাপর অংশে মার্কিন হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
  • পাকিস্তান পিপলস পার্টির অন্তত ৬ জন জাতীয় পরিষদ সদস্য ২ মার্চ ঢাকা আসার জন্য পিআইএ-তে তাদের আসন সংরক্ষণ করেছেন। ঐ ৬ জন জাতীয় পরিষদ সদস্য হলেন- গোলাম মোস্তফা জাতোই, পীর গোলাম রসুল, মখদুম মোহাম্মদ জামান, মখদুম মোহাম্মদ আমিন, মালিক মোজাফফর খান এবং হাকিম আলী জারদারী। জাতীয় পরিষদ সদস্যদের ঢাকা আসার ব্যাপারে পিআইএ কড়াকড়িভাবে গোপনীয়তা পালন করছে।
  • জাতীয় পরিষদের অধিবেশনের পূর্বেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১ মার্চ ঢাকায় এসে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করবেন। উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি এবং শাসনতন্ত্র প্রণয়ন সম্পর্কে আলোচনা করবেন বলে জানা যায়।
  • পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন এক যুক্ত বিবৃতিতে নির্ধারিত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠান, গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন দান এবং সর্বোপরি জনপ্রতিনিধিদের নিকট শাসনক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন। তাঁরা এই দাবিতে সভা, সমাবেশ, বিক্ষোভ-মিছিল প্রভৃতির মাধ্যমে জনমত গঠন করে গণবিরোধী শক্তিসমূহের চক্রান্তের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পার্টির সকল ইউনিটের প্রতি নির্দেশ প্রদান করেন।

 

No comments:

Post a Comment