Sunday, November 25, 2012

February 13, 1971

Today February 13 

  • আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান বেলুচিস্তানের রাজনৈতিক নেতা নওয়াব আকবর খান বুগতির সাথে হোটেল পূর্বাণীতে দেড় ঘণ্টা স্থায়ী এক আলোচনায় ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নের প্রশ্নে ঐকমত্যে উপনীত হন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মুজিবুর রহমান বলেন, ৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়, তা বেলুচিস্তান এবং অন্যান্য দেশের জন্যও প্রযোজ্য।
  • পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট জেনারেল এ. এম. ইয়াহিয়া খানের সাথে রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ভবনে এক সাক্ষাৎকারে মিলিত হন। তাঁরা উভয়ে শাসনতান্ত্রিক বিষয় সম্পর্কে আলোচনা করেন।
  • পূর্ব পাকিস্তান সরকার নিত্যব্যবাহার্য সামগ্রীর মূল্য ও বন্টন নিয়ন্ত্রণের জন্য একটি নির্দেশ জারি করে। 'পূর্ব পাকিস্তান নিত্যব্যবহার্য দ্রব্য মূল্য ও বন্টন নির্দেশ ১৯৭০' নামক নির্দেশে তা অবিলম্বে কার্যকর করার জন্য বলা হয়।
  • ভারত সরকার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে সংঘঠিত ঘটনার ব্যাপারে পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে একটি নোট প্রেরণ করেন। ভারতে অবস্থিত পাকিস্তান হাই কমিশন এবং ইসলামাবাদে পররাষ্ট্র অফিসে উক্ত নোটটি হস্তান্তর করা হয়।
  • ভারতের দেশরক্ষা মন্ত্রী জগজীবন রাম ভারতীয় বিমান হাইজ্যাককারী দুইজন কাশ্মীরী কমান্ডোকে ভারতের কাছে হস্তান্তর এবং উড়িয়ে দেয়া বিমানের ক্ষতিপূরণ দানের ব্যাপারে পাকিস্তানের সাথে কোন আলাপ আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন।

February 12, 1971

Today February 12

  • ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, পাকিস্তান সরকার যদি ধ্বংসকৃত ভারতের বিমানের যথোপযুক্ত ক্ষতিপূরণ দান এবং হাইজ্যাকারদ্বয়কে ভারতের হাতে ফেরৎ না দেয় তবে সংঘর্ষমূলক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, দেশ যখন সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন ভারতীয় জনসাধারণকে বিভক্ত করার উদ্দেশ্যে বিমান হাইজ্যাকের ষড়যন্ত্র করা হয়েছে।
  • পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো করাচী বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেন, জাতি আজ যে শাসনতান্ত্রিক সঙ্কটের সম্মুখীন হয়েছে তা থেকে উত্তরণের জন্য তাঁর পার্টি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিগত ২৩ বছরকাল ধরেই শাসনতান্ত্রিক সঙ্কট বিদ্যমান রয়েছে। এ- সঙ্কট থেকে উত্তরণের ফরমুলা উদ্ভাবন করে তার মাধ্যমে যাতে আমরা একটা কার্যকর ও স্থায়ী শাসনতন্ত্র পেতে পারি, সেদিকেই আমাদের সকল প্রচেষ্টা নিয়োজিত রয়েছে।
  • ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণীত হলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন বলে পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোর বক্তব্য সম্পর্কে পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসু সহসভাপতি আ. স. ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে তাঁর এই বিবৃতি কেবল দুঃখজনকই নয় বরং গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী এবং প্রতিক্রিয়াশীল মনোভাবের শাসনতন্ত্র রচনার একটি গণভোট।
  • হায়দরাবাদের বিশিষ্ট হারী নেতা জামসাদ সাকী লাহোরে বলেন, দেশে এক শ্রেণীর আমলা এবং ফ্যাসিস্ট যুদ্ধ উন্মাদনা সৃস্টি করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করে চলছে। তিনি বলেন, জনগণ এই ষড়যন্ত্র নস্যাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, কাশ্মীর, ইসলাম, পাকিস্তান বিপন্ন- এইসব সস্তা শ্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না।
  • পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি খান আবদুল ওয়ালী খান বলেন, ভুট্টোর সাথে তাঁর আসন্ন বৈঠকে তিনি দেশের সংহতি এবং পাকিস্তানের সকল অঞ্চলের অধিকার এবং অংশগ্রহণের নিশ্চয়তা বিধানের জন্য শাসনতান্ত্রিক ফরমুলা উদ্ভাবনের ব্যাপারে আলোচনা করবেন। তিনি বলেন, তাঁর দল এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখবে।
 

February 11, 1971

Today February 11

  • পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ আসন্ন শহীদ দিবস পালন উপলক্ষে এক বিবৃতিতে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস ও জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর বানচাল করার জন্য গণবিরোধী শক্তি এবং কায়েমী স্বার্থবাদী মহল ষড়যন্ত্র করছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান। তিনি বলেন, ২৩ বছর পরে এই প্রথমবারের মত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্বল্পকালের মধ্যে শাসনতন্ত্র প্রণীত হতে যাচ্ছে। সরকার জনগণের প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ।
  • ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে বিক্ষুব্ধ ছাত্ররা প্রবেশের চেষ্টা করলে পুলিশ ছাত্রদের উপর গুলি বর্ষণ এবং ব্যাটন চার্জ করে। ফলে বহু ছাত্র আহত হয়। ছাত্রদের ইটপাথর নিক্ষেপের ফলে পুলিশের ৬০ জন আহত হয়। পরিস্থিতি সামাল দেয়ার জন্য শহরে ১৪৪ ধারা জারি করে শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং অস্ত্রবহন নিষিদ্ধ করা হয়।
  • দুইজন কাশ্মীরী যুবক কর্তৃক ভারতীয় বিমান ছিনতাই এবং তা ধ্বংস করে দেয়ার মধ্য দিয়ে পাক-ভারত সম্পর্কে যে অবনতি ঘটেছে সে সম্পর্কে অবহিত করার জন্য পাকিস্তান সরকার পররাষ্ট্র দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠান।
  • আজাদ কাশ্মীরের প্রাক্তন প্রেসিডেন্ট এবং জম্মু ও কাশ্মীর মুসলিম লীগের সভাপতি কে. এইচ. খুরশিদ আজাদ কাশ্মীর সরকারকে ১৯৪৭ সালের ১৪ আগস্টের পূর্বেকার সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদাসহ সমগ্র জম্মু ও কাশ্মীরের সরকার হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। ঢাকায় সাংবাদিক সম্মেলনে জনাব খুরশিদ গিলগিট ও বালটিস্থানকে আজাদ কাশ্মীরের অন্তুর্ভুক্তির দাবি জানান।
  • মুলতানে নব নির্বাচিত এম. এন. এ এবং এমপিদের এক সমাবেশে পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো তাঁর ভাষায় ৬-দফার ব্যাপারে শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহযোগীদের অনড় মনোভাবের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ৬-দফার ভিত্তিতে পাকিস্তানের শাসনন্ত্র প্রণীত হলে তিনি এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করবেন।

 

February 10, 1971

Today February 10

  • আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ৬-দফার ভিত্তিতে দেশে শাসনতন্ত্র প্রণয়নে তাঁর দলের দৃঢ় সংকল্পের কথা পুনরুল্লেখ করে বলেন, ৬-দফার প্রশ্নে নীতিগতভাবে কোন প্রকার আপোষ সম্ভব নয়। তিনি বলেন, জাতীয় পরিষদে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দলই নয়, সারাদেশের সংখ্যাগরিষ্ঠ দল। কাজেই শাসনতন্ত্র আওয়ামী লীগ একাই প্রণয়ন করতে পারে। তবে আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। কেউ যদি সহযোগিতা না করে তবে তার দায়িত্ব উক্ত দলেরই।
  • আকাশবাণীর বরাত দিয়ে দৈনিক পাকিস্তান লিখেছে, ভারত সরকার পাকিস্তান হাই কমিশনারকে চিঠি দিয়ে হুঁশিয়ার করে বলেছেন, অবিলম্বে লাহোরে বিনষ্ট ভারতীয় বিমানের ক্ষতিপূরণ না দিলে এবং দু’জন হাইজ্যাককারীকে ফেরৎ না দিলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পরে এবং যেকোন পরিস্থিতির জন্য পাকিস্তানকেই দায়ী হতে হবে। চিঠিতে বলা হয়েছে যে, ভারত সরকার এ সম্পর্কে যেসব প্রমাণ পেয়েছেন তাতে স্পষ্টই বিশ্বাস করবার কারণ রয়েছে যে, ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যের ষড়যন্ত্রের সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে।
  • পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী ভারতের উপর দিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সামরিক ও বেসামরিক বিমান চলাচল একতরফাভাবে নিষিদ্ধ করে দেয়ার কার্যক্রমে ভারতীয় কর্তৃপক্ষের নিন্দা করে এক বিবৃতিতে বলেন, ভারতের এই আচরণ বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন ও শান্তিকামী রাষ্ট্রসমূহের কাছে পাকিস্তানের সার্বভৌম অধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
  • ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনার ভবনের অফিসে কতিপয় ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে আসবাবপত্র এবং অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ করে। পুলিশ দূতাবাস ভবন হতে কয়েকজনকে গ্রেফতার করে। বিকেলে মহিলারা হাই কমিশনারের অফিস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।