Sunday, November 25, 2012

February 9, 1971

Today February 9

  • ভারতীয় বেতারে বলা হয়, লাহোরে দুইজন হাইজ্যাকার কর্তৃক ভারতীয় বিমান উড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের পর জনতা কতগুলো দোকান এবং গৃহে আগুন লাগিয়ে দেয়। একই ঘটনায় আহমেদাবাদে ১৬ ঘণ্টাব্যাপী কারফিউ জারি করা হয়।
  • পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন সংবাদপত্রে এক বিবৃতির মাধ্যমে অবিলম্বে জাতীয় পরিষদ অধিবেশন আহবানের জন্য পেসিডেন্টের প্রতি অনুরোধ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, দেশে এক শ্রেণীর পতিক্রিয়াশীল ও চরম সাম্প্রদায়িক শক্তি লাহোরে ভারতীয় বিমান হাইজ্যাক এবং তা উড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে জাতীয় পরিষদ অধিবেশন আহবান এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর চেষ্টা করছে।
  • জেনেভাস্থ লীগ অব রেডক্রস সোসইটিজ-এর সেক্রেটারি জেনারেল হেনরিক বিয়ার তিনদিনের সফরে ঢাকায় আসেন। ঢাকায় অবস্থানকালে তিনি বিচারপতি বি. এ. সিদ্দিকী ও বিচারপতি নূরুল ইসলামের সাথে আলোচনা করেন। তিনি পূর্ব পাকিস্তান রেডক্রস সোসাইটির ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে এক আলোচনা বৈঠকে মিলিত হন। ঐ আলোচনায় পূর্ব পাকিস্তানের ঘূর্ণিদূর্গত এলাকায় রেডক্রসের সাহায্য ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করা হয়।
  • প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মরিশাসের প্রধানমন্ত্রী স্যার শিবসাগর রামগোলামকে পাকিস্তান ও ভারতের বর্তমান সম্পর্কের বিষয় অবহিত করেন এবং এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সকল বিরোধ ও সমস্যার ন্যায়সঙ্গত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। দুই নেতা আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রস্তাবাবলী বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
  • দক্ষিণ ভিয়েতনামী স্থলবাহিনী এবং মার্কিন হেলিকপ্টারে দক্ষিণ ভিয়েতনামী প্যারাট্রুপাররা সকালে লাওসে প্রবেশ করে। দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট থিউ তাঁর বাহিনীকে লাওসে উত্তর ভিয়েতনামী ঘাঁটিগুলো আক্রমণের নির্দেশ দেন। মার্কিন হাই কমান্ড থেকে বলা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলায় বিমান সমর্থন ও সাহায্য দেবে, তবে মার্কিন স্থল বাহিনীর কোন লোক বা কোন উপদেষ্টা এতে জড়িত হবেন না।

February 8, 1971

Today February 8

  • পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন যথাশীঘ্র জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তাঁরা অভিযোগ করেন যে, প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে। এ প্রসঙ্গে তাঁরা লাহোর বিমানবন্দরে ভারতীয় বিমান অপহরণ ও তা ধ্বংসের ঘটনার উল্লেখ করে বলেন, উক্ত ঘটনার ফলে নির্বাচিত গণ-প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর দেরি হচ্ছে। তাঁরা পাক-ভারতের মধ্যে তিক্ততার অবসান কামনা করেন।
  • জেনেভার লীগ অব রেডক্রস সোসাইটির সেক্রেটারি জেনারেল মি. হেনরিক বিয়ার পূর্ব পাকিস্তানে ৩ দিনের সফরে ঢাকায় আসেন। তিনি পূর্ব পাকিস্তানের ঘূর্ণি উপদ্রুত এলাকায় রেডক্রস পরিচালিত রিলিফ কর্মসূচি এবং পাকিস্তানের ভবিষ্যৎ উন্নয়নে রেডক্রসের ভূমিকা সম্পর্কে পাকিস্তান রেডক্রস সোসাইটির চেয়ারম্যান, ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি বি. এ. সিদ্দিকীর সাথে আলোচনায় মিলিত হন। তিনি পূর্ব পাকিস্তান রেডক্রস সোসাইটির চেয়ারম্যান বিচারপতি নুরুল ইসলাম ও অন্যান্য সদস্যের সাথেও মিলিত হন।
  • আজাদ কাশ্মীর ও জম্মুর প্রেসিডেন্ট সরদার আবদুল কাইয়ুম খান কাশ্মীরবাসীর স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থনদানের জন্য মুসলিম বিশ্বের প্রতি আবেদন জানান। মুসলিম বিশ্বের সামনে যেসব সমস্যা রয়েছে তা উপলব্ধির ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ এবং প্রতিটি সমস্যা সামগ্রিকভাবে বিবেচনা করার জন্য সরদার আবদুল কাইয়ুম খান মুসলমানদের প্রতি আহবান জানান।

 

February 7, 1971

Today February 7

  • যথাযোগ্য পবিত্রতার মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। বিভিন্ন ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং সাম্রাজ্যবাদী ইহুদিবাদের বিরুদ্ধে প্যালেস্টাইনীদের মুক্তি সংগ্রামে সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আউটার স্টেডিয়ামে ঢাকার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রাদেশিক গভর্নর ভাইস এডমিরাল এম. এম. আহসান ঈদের প্রথম জামাতে নামাজ পড়েন। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ক্লাব ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে নামাজ আদায় করেন।
  • স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জনাব এম. রশিদ শিল্প, কাঁচামাল, শেয়ার ও সিকিউরিটি এবং রপ্তানির উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে ৫ লক্ষ টাকা অগ্রীম দানে কোন প্রকার বাধা না দেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঢাকাতে এক নির্দেশ দেন।
  • মরিশাসের প্রধানমন্ত্রী ড. শিবসাগর রামগোলাম ৬ দিনব্যাপী পাকিস্তান সফর শেষে পাকিস্তান ও মরিশাসের এক যুক্ত ইস্তেহারে জাতিসংঘের প্রস্তাবের বাস্তবায়ন দ্বারা আন্তর্জাতিক উত্তেজনা প্রশমিতকরণ এবং শান্তি দীর্ঘায়িত করার ওপর গুরুত্বারোপ করেন।
  • পাকিস্তানের প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডির জিএইচকিউ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তিনি বহু সংখ্যক লোকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
  • মুদ্রাস্ফীতি প্রতিরোধ ব্যবস্থার ছদ্মবেশে বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ প্রদানের উপর যে বিধি নিষেধ আরোপ করেছে, এর ফলে শীঘ্রই পূর্ব পাকিস্তানের অর্থনীতির উপর বিপর্যয় নেমে আসতে পারে বলে ঢাকা বণিক সমিতির প্রেসিডেন্ট এবং জাতীয় পরিষদ সদস্য মতিউর রহমান মত প্রকাশ করেন। বিবৃতিতে জনাব রহমান বলেন, এই ব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পপতিদের নিশ্চিহ্ন করবে যার অর্থ সমগ্র পূর্ব পাকিস্তানি ব্যবসায়ী গোষ্ঠীর অবলুপ্তি।

 

February 6, 1971

Today February 6

  • পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির কার্যকরী কমিটির বর্ধিত সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্রে পাকিস্তানের পাঁচটি ভাষাভাষী জাতির বিচ্ছিন্ন হওয়ার অধিকারসহ আত্মনিয়ন্ত্রণের পূর্ণ স্বীকৃতি নিশ্চিত এবং ১১-দফা কর্মসূচি ও জাতিসমূহের সমানাধিকারের নীতি অনুযায়ী শাসনতন্ত্র প্রণয়নের আহবান জানানো হয়। ঐ সভায় জননেতা মনি সিং, অজয় রায়, দেবেন শিকদার, পীর হাবিবুর রহমান প্রমুখ আটক সকল রাজনৈতিক নেতা ও কর্মীর মুক্তির দাবি করা হয়।
  • পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী এক বিবৃতিতে লাহোর বিমান বন্দরে অপহৃত ভারতীয় বিমান ধ্বংসের তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে নেতৃবৃন্দ পাক-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন সঙ্কট সৃষ্টি করে পাকিস্তানের অভ্যন্তরে গণতান্ত্রিক সংগ্রামের অগ্রগতিতে যেকোন বাধা সৃষ্টির চক্রান্ত সহ্য করা হবে না বলে উল্লেখ করেন।
  • পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্ত্ততি হিসাবে প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। তিনি ৬-দফা সম্পর্কে ঢাকায় শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর আলোচনার সারমর্ম এবং এ ব্যাপারে পশ্চিম পাকিস্তানের জনগণের মতামত জানার জন্য তাঁর বর্তমান প্রচেষ্টা সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
  • আকাশবাণীর খবরে বলা হয় যে, ভারতীয় সামুদ্রিক বন্দরগুলোতে পাকিস্তানের কোন জাহাজ ভিড়তে দেয়া হবে না। এমনকি করাচী বন্দর হতে আসা কোন বিদেশী জাহাজকেও ভারতীয় সমুদ্র বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
  • কয়েক হাজার ভারতীয় ছাত্র নয়াদিল্লীস্থ পাকিস্তানি দূতাবাসের ওপর হামলা চালায়। দূতাবাসের গেটে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুই শতাধিক পুলিশ ও ছাত্র আহত হয়। পুলিশ গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
  • পূর্ব পাকিস্তানের জামাতে ইসলামীর আমীর গোলাম আজম বিমান হাইজ্যাককে কেন্দ্র করে ভারত সরকার, তাঁর ভাষায়, যে অযৌক্তিক ও কঠোর মনোভাব দেখিয়েছেন তার তীব্র নিন্দা করেন। তিনি শাসনতন্ত্র প্রণয়ন এবং জনগণের সরকার গঠনের পথে যাতে কোন বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
  • প্রেসিডেন্ট জেনারেল এ. এম. ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে বলেন, পাকিস্তান সরকার কারিগরী ও অন্যান্য ক্ষেত্রে মরিশাসকে সাধ্যমত সাহায্য-সহযোগিতা দিতে প্রস্ত্তত রয়েছে। মরিশাসের প্রধানমন্ত্রীর সম্মানার্থে দেয়া মধ্যাহ্ন ভোজসভায় তিনি একথা বলেন।