Sunday, November 25, 2012

February 5, 1971

Today February 5

  • আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ছাত্র লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমনা গ্রীনে আয়োজিত অনুষ্ঠানে বলেন, নির্বাচনে একথাই প্রমাণিত হয়েছে যে বাঙালিরা চিরদিন বাঙালি হিসেবেই বেঁচে থাকবে। তিনি আরও বলেন, ৭ কোটি বাঙালি ব্যতীত অন্য কারো ৬-দফা কর্মসূচিকে পরিবর্তন করার অধিকার নেই।
  • ভারত তার আকাশসীমার ওপর দিয়ে সকল পাকিস্তানি বিমান চলাচল নিষিদ্ধ কয়ে দেয়। ইতিপূর্বে পাকিস্তানের সামরিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল। কাশ্মীরী কমান্ডো কর্তৃক ভারতীয় ফকার বিমান ধ্বংস করার প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে দিল্লী সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে পাক সরকার কলম্বো হয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আন্ত-আঞ্চলিক ফ্লাইটের বিমান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।
  • পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনোত্তরকালে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখের জন্য যুক্তিসঙ্গত সময়-সীমা পর্যন্ত অপেক্ষা করার পর জাতীয় এবং প্রাদেশিক পরিষদ পর্যায়ে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ডাকা হয়। সমসাময়িককালে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাবলী বিবেচনা এবং আওয়ামী লীগ দল, বিশেষ করে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির কর্তব্য নির্ধারণের জন্য ১৪ ফেব্রুয়ারি ঢাকায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকও ডাকা হয়।
  • পাকিস্তান সরকার নয়াদিল্লীস্থ পাকিস্তানি হাই কমিশন ভবনের চতুঃপার্শ্বে পরিস্থিতির দ্রুত অবনতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে। ইসলামাবাদস্থ ভারতীয় হাই কমিশনার বি. কে আচার্যকে দু’বার পররাষ্ট্র দফতরে ডেকে পাঠানো হয় এবং পাকিস্তানের গভীর উদ্বেগের কথা জানানো হয়।
  • পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসুর সহ-সভাপতি আ. স. ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে ভারতীয় বিমান অপহরণ এবং তা ধ্বংস করায় গভীর উদ্বেগ প্রকাশ এবং এর তীব্র নিন্দা জানান। এক বিবৃতিতে তাঁরা ঘটনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ব্যাহত করারই চক্রান্ত বলে উল্লেখ করেন।

February 4, 1971

Today February 4

  • আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় এক বিবৃতিতে লাহোরে হাইজ্যাক করা ভারতীয় বিমান ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, পরিস্থিতি ঘোলাটে করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে ‘স্যাবোটাজ’ করার বিশেষ মতলব নিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির কায়েমী স্বার্থবাদী প্রয়াস এটা। তিনি জনগণের প্রতি সম্পূর্ণ সজাগ থাকার জন্য আহবান জানান।
  • কাশ্মীরী কমান্ডো কর্তৃক ভারতীয় বিমান উড়িয়ে দেয়ার পর ভারত সরকার সেদেশের উপর দিয়ে পাকিস্তানের সামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই কাজের জন্য পাকিস্তানকে দায়ী করে বলেন, এ-ধরনের কার্যকলাপে উৎসাহ প্রদান পাকিস্তানের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।
  • জমিয়তে উলেমায়ে পাকিস্তানের একটি প্রতিনিধি দল ঢাকায় আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। ঐ সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে আলোচনা হয়। উভয় পক্ষ যথাশীঘ্র স্বল্প সময়ের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠানে সম্মত হয়।
  • পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সভাপতি মিয়া মমতাজ দৌলতানা বলেন যে, শাসনতান্ত্রিক প্রশ্নে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও শক্তিসমূহের মধ্যে সমঝোতা আনার জন্য তাঁর দল চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, আজ যারা আওয়ামী লীগ ও পিপলস পার্টির মধ্যে কিংবা পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে বিরোধের কথা বলাবলি করছেন, তাঁরা নিশ্চয়ই সজ্ঞানে ইতিহাসের এই সঙ্কট মুহূর্তে অহেতুক সন্দেহ সৃষ্টির প্রয়াস পাচ্ছেন।
  • পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জনাব ভুট্টো করাচী প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে এক বৈঠকে মিলিত হন। তাঁরা বেশ কিছুক্ষণ শাসনতান্ত্রিক ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

 

February 3, 1971

Today February 3

  • কাশ্মীরী দুই তরুণ তাঁদের দ্বারা হাইজ্যাক করা ভারতীয় ফকার ফ্রেন্ডশিপ বিমানটি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় এবং পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পাকিস্তান এ-জন্য ভারতের কাছে দুঃখ প্রকাশ করে।
  • লাহোর এবং রাওয়ালপিন্ডি হতে নির্বাচিত পিপলস পার্টির এম. এন. এ- দের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আওয়ামী লীগের ৬-দফায় পূর্ব পকিস্তানের জনগণের যেসব ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সন্নিবেশিত হয়েছে পিপলস পার্টির ঘোষণাপত্রের আলোকে জাতীয় ঐক্যের কাঠামোতে সেগুলোর প্রতি সর্বাধিক সমর্থন দেয়া হবে। ৭ ঘণ্টা স্থায়ী ঐ বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য ছাড়াও লাহোর, শাহিওয়াল ও মূলতানের কয়েকজন এম. এন. এ যোগদান করেন।
  • পাঞ্জাব কাউন্সিল মুসলিম লীগের সভাপতি সরদার শওকত হায়াত খান ঢাকায় আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দুই ঘণ্টা ব্যাপী আলোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁর দল জাতীয় সংহতি, ঐক্য ও আদর্শের খাতিরে শাসনতান্ত্রিক বিষয়ে যে কোনোরকম আঞ্চলিক চুক্তি এড়িয়ে চলবেন। তিনি বলেন, ৬ দফায় পাঞ্জাব বেশি লাভবান হবে। তিনি শাসনতন্ত্র প্রণয়নে আওয়ামী লীগ প্রধানকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের কথাও বলেন।
  • দিল্লীস্থ পাকিস্তানি হাই কমিশনার সাজ্জাদ হায়দার এবং আরো কয়েকজন পাকিস্তানি কর্মকর্তার প্রাণনাশের হুমকিতে পাকিস্তান সরকার উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তান সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে ডেকে তাঁদের উদ্বেগ সম্পর্কে অবহিত করেন।
  • লাহোরে মিয়া আরিফ ইফতিখারের বাসভবনে জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের নববির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের এক সভা শেষে পিপলস পার্টির জনৈক মুখপাত্র সাংবাদিকদের কাছে বলেন, আওয়ামী লীগের ছয় দফা দেশের জন্য একটি শাসনতন্ত্র প্রণয়নের পক্ষে বিঘ্ন স্বরূপ। আওয়ামী লীগের ছয় দফা দেশকে বিচ্ছিন্ন করে ফেলবে।

February 2, 1971

Today February 2

  • পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোকে লাহোরে কাউন্সিল মুসলিম লীগের সভাপতি জনাব মিয়া মমতাজ দৌলতানা একটি কার্যকরী ফেডারেশন শাসনতন্ত্র প্রণয়নের জন্য নিজের এবং তাঁর দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
  • পাঞ্জাব কৃষক সমিতির সভাপতি ও গুজরাট জাতীয় পরিষদের সদস্য জনাব আমানউল্লাহ এবং লায়ালপুর হতে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য জনাব খান সাহেব আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁরা দেশের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে আলোচনা করেন।
  • পূর্ব পাকিস্তানের জন্য প্রস্তাবিত ক্যাপিটাল ব্যাংক প্রতিষ্ঠা নীতিগতভাবে স্থিরীকৃত হলেও পার্লামেন্টরি সরকার গঠন না হওয়া পর্যন্ত ব্যাংকের উদ্বোধন বিলম্বিত হতে পারে বলে প্রকাশ। উল্লেখ্য ৩ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংক তার কার্যক্রম চালু করবে, যার দেড় কোটি টাকার শেয়ার সরকার ক্রয় করবে।
  • তথাকথিত কাশ্মীর যুক্তফ্রন্টের দুই তরুণ কর্তৃক ভারত থেকে হাইজ্যাককৃত বিমানের ২৫ জন যাত্রী এবং ৪জন ক্রুকে পাকিস্তান ভারতের নিকট সমর্পণ করে। পাক পররাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্র বলেন, বিমান হাইজ্যাকের ঘটনা অধিকৃত কাশ্মীরে নির্যাতন ও দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।
  • মরিশাসের প্রধানমন্ত্রী স্যার শিবসাগর রামগোপাল পাকিস্তানে ছয় দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় আসেন। ঢাকা অবস্থানকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদমজী জুট মিলস পরিদর্শন করবেন।
  • চট্টগ্রামে ‘এনা’র সাথে এক সাক্ষাৎকারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান যদি তাঁদের সমাজতন্ত্র কায়েমের প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করেন তা হলে দীর্ঘকাল তাঁরা শাসনকার্য পরিচালনায় সক্ষম হবেন।